করোনা পরিস্থিতিতে বাংলাদেশ বার কাউন্সিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ জেলা আইনজীবী সমিতিগুলো স্বাস্থ্যবিধি মানছে কি না, তা জানতে চেয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে ১০ দফা নির্দেশনা বাস্তবায়নে তদারকি করতে বার কাউন্সিলকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আগামী ৫ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে বার কাউন্সিলকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
গত ৩ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার ই-মেইলে এ রিট আবেদনটি করেন।
তিনি জানান, রিট আবেদনের শুনানির মধ্যে গত ১৫ জুন বার কাউন্সিল স্বাস্থ্যবিধি সংক্রান্ত ১০ দফা নির্দেশনা জারি করে। এ নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে একটি সম্পূরক আবেদন করা হয়। এর ওপর শুনানি শেষে হাইকোর্ট প্রতিবেদন চাওয়ার পাশাপাশি ১০ দফা নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি তদারকি কমিটি করতে বার কাউন্সিলকে নির্দেশ দেয়।