শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার রাতে ওই শিশু বাড়িতে একা থাকায় কৌশলে রবিউল (১৬) নামে এক কিশোর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে ডেমরার বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ও তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশী হওয়ায় শিশুটি প্রায়ই বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়িতে আসা-যাওয়া করত। সোমবার দুপুর দেড়টার দিকে সে ওই বাড়িতে গেলে রবিউল তাকে একা পেয়ে কৌশলে তার রুমে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশু বাসায় এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এ নিয়ে রাতে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। পরদিন ডেমরা থানায় মামলা করেন মেয়েটির মামা। ঘটনার পর থেকে পলাতক ছিল রবিউল। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ জানান, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠিয়েছে পুলিশ।