পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারের উদ্যোগে প্রায় ১০ কোটি রুপি ব্যয়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মন্দির নির্মিত হতে যাচ্ছে। এতে সেখানকার হিন্দুদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।
শুধু মন্দির নয়, শেষকৃত্য সম্পন্নে একটি শ্মশানও পাচ্ছেন নগরীর হিন্দুরা।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, ইসলামাবাদের এইচ-৯ সেক্টরে ২০ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি হচ্ছে এই কৃষ্ণ মন্দির। ইসলামাবাদ হিন্দু পঞ্চায়েত সমিতি নাম রেখেছেন শ্রীকৃষ্ণ মন্দির।
পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদরি জানান, মন্দির নির্মাণে ১০ কোটি রুপি খরচ হবে। সরকারই নির্মাণ ব্যয় বহন করবে।
মানবাধিকার সম্পর্কিত সংসদীয় সচিব লালচাঁদ মালহি মঙ্গলবার এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি বলেন, বিগত ২০ বছরে পাকিস্তানের রাজধানীতে হিন্দু জনসংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই হিন্দুদের উপাসনার জন্য এই মন্দির নির্মাণ তাৎপর্যপূর্ণ।
লালচাঁদ বলেন, ‘ইসলামাবাদের হিন্দুরা দীর্ঘদিন ধরে একটি মন্দিরের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষ সেই দাবি পূরণ হতে চলেছে।’
তিনি বলেন, ইসলামাবাদে হিন্দুদের জনসংখ্যা অতীতের তুলনায় অনেকটাই বেড়েছে। কিন্তু, উপাসনা করার মন্দির ছিল না। যা ছিল, তা অনেক পুরনো। জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত। তাই সরকারের এই উদ্যোগ বাহবাযোগ্য।
জানা গেছে, ২০১৭ সালেই মন্দিরের জন্য হিন্দু পঞ্চায়েতকে জমি দিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। মন্দির চত্বরেরই একধারে শ্মশান তৈরি হচ্ছে বলে জানিয়েছে হিন্দু পঞ্চায়েত সমিতি।