বেনাপোলে বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

বেনাপোলের পুটখালি সীমান্ত পথে মাদক পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে আল-আমিন (২৮) নামে এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ সময় ৪৬ বোতল ফেনসিডিল ও একটি হাঁসুয়া উদ্ধার করে বিজিবি।

বর্তমানে গুলিবিদ্ধ যুবক বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আল-আমিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

২১ বিজিবির পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, একদল চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযানে যায়।

এ সময় চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালালে বিজিবি আত্মরক্ষার্থে তাদের ওপর দুই রাউন্ড গুলি চালায়।

এতে মাদক ব্যবসায়ী আল-আমিনের ডান পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিনকে গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেনসিডিলসহ পুটখালী বিজিবি আটক করে জেলহাজতে পাঠিয়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেছেন তিনি।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে বেশ ক’টি মামলা রয়েছে বলে বিজিবি জানায়।