বিএসটিআইর কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নির্দেশ দিয়ে শিল্প সচিব এ কে এম আলী আজম বলেছেন, বিএসটিআই আগের তুলনায় অনেক গতিশীল হয়েছে। এই ধারা অব্যাহত রেখে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিএসটিআইর কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।
শিল্প সচিব বলেন, একটি দেশের পণ্যের পরীক্ষণ পদ্ধতি যত ভালো সেদেশে তত ভালো মানের পণ্য উৎপাদিত হবে। ভালো মানের পণ্য উৎপাদন করতে পারলে রপ্তানি বাজার সম্প্রসারিত হবে। এছাড়া অভ্যন্তরীণ বাজারেও ভোক্তার কাছে ভালো মানের পণ্য পৌঁছে দেয়া সম্ভব।
তিনি আরও বলেন, বিএসটিআইর লোগো যেন আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে আমাদের সকলকে সে বিষয়ে একই সঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় বিএসটিআইকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বস্ত করেন।
বিএসটিআইর মহাপরিচালক মো. মুয়াজ্জমে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, বিএসটিআইর পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিলসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।