সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিকের মৃত্যু

চট্রগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় নজরুল করিম (৩৩) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসদর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মৃত সালেহ আহমদ প্রকাশ জুনুর পুত্র। তিনি সীতাকুন্ড হতে চট্রগ্রাম রুটে স্থানীয়ভাবে চলাচলকারী লেগুনার লাইনম্যান হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হয় সে। পরে পুলিশ উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইদুল ইসলাম।