মন্দিরে চুরির ঘটনায় চোর কারাগারে

মন্দিরের দুই সিসি ক্যামেরার একটির সংযোগ কেটে এক দুঃসাহসিক চুরির ঘটনায় একজনকে আটক করে আদালতে পাঠিয়েছি পুলিশ। সে নেত্রকোনা দুর্গাপুর উপজেলার পৌর সদরের কলেজ রোড় এলাকার সুরুজ আলীর ছেলে ইউসুফ আলী (১৯) এবং পেশায় রাজমিস্ত্রির সহকারি।

বুধবার দুপুরে দুর্গাপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউসুফকে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে দুঃসাহসিক চুরির সাথে জড়িত থাকার দায় আদালতে কাছে স্বীকার করেছে বলে জানায় পুলিশ। 

এ চুরির ঘটনার ৭২ ঘন্টার মধ্যে মন্দিরে চুরি যাওয়া রৌপ্য ও স্বার্ণালংকার সহ সরাসরি জড়িত থাকার অভিযোগে ইউসুফকে আটক করাতে কালীবড়ি মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সেন দুর্গাপুর থানা পুলিশের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন।

দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পৌর সদরে কালী মন্দিরে চুরির ঘটনাটি একটি কৌশলী চোর চক্রের অংশ। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় একজনকে অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোন মহল যাতে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে, সেজন্য সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা কামনা করেছেন তিনি। 

উল্লেখ, গত শনিবার দিবাগত ভোর রাতে কোন এক সময় মন্দিরের ভেতরে দেবীর গাঁয়ে পড়ানো স্বর্ণালঙ্কার সহ তিনটি প্রণামী বাক্স ভেঙে অর্থ চুরি করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। রবিবার ভোরে পুরোহিত গৌতম চক্রবর্তী পুঁজা আর্চনার জন্য মন্দিরে এসে দেখতে পান মন্দিরের দুই সিসি ক্যামেরার একটির সংযোগ কেটে দিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সেনকে জানায়। পরে সভাপতি এ চুরির ঘটনা কে বা কাহারা করেছে এ বিষয়টি পুলিশকে জানায়।