মোবাইল কোর্টে শিশুদের দন্ড অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায়

শিশুর বিরুদ্ধে অভিযোগে বিচার হবে শিশু আদালতে : হাইকোর্ট

বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) শিশুদের দন্ড দেওয়া অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় ও পর্যবেক্ষণ প্রকাশ হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার স্বাক্ষরিত ৩১ পৃষ্ঠার রায়টি গত বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। ভ্রাম্যমাণ আদালতে ১২১ শিশুর সাজার বৈধতা প্রশ্নে জারি করা রুল গত ১১ মার্চ যথাযথ ঘোষণা করে এ রায় দিয়েছিল হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ।

হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ‘শিশুর বিরুদ্ধে যেকোনো অভিযোগের বিচার কেবল শিশু আদালতেই হবে। ভ্রাম্যমাণ আদালত দূরে থাক, অধস্তন আদালতেও যদি কোনো শিশুর বিচার হয়, সেটি হবে বেআইনি। কোনো অপরাধ সংঘটনে প্রাপ্তবয়স্ক এবং শিশু একই সঙ্গে জড়িত থাকলেও সংশ্লিষ্ট শিশুর বিচার শিশু আদালত করবে। ভ্রাম্যমাণ আদালত কোনো শিশুকে দন্ড দিতে পারে না। এভাবে দন্ড দিলে, সেটি সংবিধানে বর্ণিত মৌলিক ও মানবাধিকারের লঙ্ঘন হবে। ১২১ শিশুকে দন্ড দেওয়ার ক্ষেত্রেও মৌলিক ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে।’  আদালত বলেছে, ‘যে পদ্ধতিতে তারা (সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট) বিচারকাজ করেছে তাতে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থাকার বিষয়টি স্পষ্ট। একজন ডাক্তার কখনো একজন প্রকৌশলীর কাজ করতে পারবেন না।’