রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের বিপরীতে উত্তর রায়েরবাগ দোতলা মসজিদ এলাকার একটি ফ্ল্যাটের বেজমেন্টে কাজী ম্যানুফ্যাকচার নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় নকল হ্যান্ডবার তৈরি ও বিপণনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিযানকালে সরকারি অনুমোদনহীন এক লাখের বেশি পিস হ্যান্ডবার ওই কারখানা থেকে জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. কাজী মুন্না, মো. শান্ত, মো. সাব্বির সরদার ও আব্দুল মান্নান ভূঁইয়া।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেকের উপস্থিতিতে সেখানে কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে র্যাব-১০-এর একটি দল অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসু।