গণশিক্ষা মন্ত্রণালয়ের বই কেনায় স্বচ্ছতা চান লেখকরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বই কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দেশের কবি, কথাসাহিত্যিক ও লেখকরা। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছতা পছন্দ করেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বই ক্রয়ের এই ক্ষেত্রে স্বচ্ছতা পরিলক্ষিত হচ্ছে না। বই ক্রয়ের পদ্ধতি নির্ধারণের এখতিয়ার মন্ত্রণালয়ের, কিন্তু স্বচ্ছতা থাকা বাঞ্ছনীয়।’ বিশিষ্ট লেখকদের পক্ষে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এই বিবৃতি পাঠান।

বিবৃতি দেওয়া লেখকরা হলেন হাসান আজিজুল হক, নির্মলেন্দু গুণ, মুনতাসীর মামুন, রামেন্দু মজুমদার, সেলিনা হোসেন, আবুল মোমেন, মুহম্মদ জাফর ইকবাল, সুব্রত বড়ুয়া, মোরশেদ শফিউল হাসান, অসীম সাহা, আবুল আহসান চৌধুরী, ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, আমীরুল ইসলাম ও আনিসুল হক।

বিবৃতিতে লেখকরা বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ১৫০ কোটি টাকার বই ক্রয় করবে। এই ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা পরিলক্ষিত হচ্ছে না। বই ক্রয়ের পদ্ধতি নির্ধারণের এখতিয়ার মন্ত্রণালয়ের, কিন্তু স্বচ্ছতা থাকা বাঞ্ছনীয়।