৫১ কৃষি কর্মকর্তা পেলেন ডাবল কেবিন পিকআপ

দেশের কৃষি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৫১টি উপজেলার কৃষি কর্মকর্তাকে ডাবল কেবিন পিকআপ গাড়ি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক গতকাল বৃহস্পতিবার তার সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে এসব গাড়ি বিতরণ করেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ‘কৃষক প্রশিক্ষণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের’ মাধ্যমে বর্তমান অর্থবছরে প্রকল্পভুক্ত ৫১ উপজেলায় ৫১টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করা হয়েছে। খাদ্যনিরাপত্তা অর্জনে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তার ও কৃষক প্রশিক্ষণের বিষয়টিকে গুরুত্ব বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রকল্পটি ২০১৮ জানুয়ারি থেকে ২০২২ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে দেশের ৪৭ জেলার ১০৬ উপজেলায় ৩১৪ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে।