অবসাদ কাটাতে নিজেকে ব্যস্ত রাখো

দীর্ঘ ছুটিতে ছাত্রছাত্রীদের যেন সময় কাটছে না। কারও আবার পড়তে ইচ্ছে করছে না। কারও খেতে ভালো লাগছে না। আর এসব নিয়ে অনেকেই বিরক্তিকর সময় কাটাচ্ছো। এ সময়টাতে যারা এ ধরনের বোধ করছো, তাদের জন্য সময়টা ভালোভাবে কাটানোর কিছু উপায় নিয়ে লিখেছেন অথই নীলিমা

 যে সময়টা নষ্ট হয়েছে তা নিয়ে হতাশ না হয়ে নতুন করে আবার একটা পরিকল্পনা করো। প্ল্যান করার সময় মনে রাখবে যে তুমি ছাত্র, তোমার প্রধান কাজ ভালোভাবে পড়াশোনা করা। ছুটিতে আরাম করবেই, সেই সঙ্গে গঠনমূলক কাজও করো। তোমার প্ল্যানের মধ্যে ঘুম, বিস্তর আড্ডাবাজি, মুভি আর খাওয়া-দাওয়ার পাশাপাশি নিজের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা আলাদা সময় অবশ্যই রেখো।

 রুটিনবিহীন জীবন বড় অগোছালো। ছুটির এ সময়টাতে পড়া, ঘুম, খাওয়াÑ সব ব্যাপার এলোমেলো হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবে একটা রুটিন মেনটেন করতে। স্কুলে যাওয়ার তাড়া যেহেতু নেই, তাই একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারো। তাই বলে সকাল ৮টার জায়গায় দুপুর ১টায় ঘুম থেকে ওঠা কোনো কাজের কথা নয়। তেমনি আলসেমি করে অসময়ে খাবার খাওয়া, কোনো বেলায় না খাওয়া, গভীর রাত পর্যন্ত জেগে থাকা এগুলো ছুটির পরের সময় তোমার জীবনে প্রভাব ফেলবে। চেষ্টা করো ঢিলেঢালা হলেও একটা রুটিনে থাকা।

 ছুটির সময়টাতে একটা নতুন কিছু করতে পারো। প্রথমে ভেবে নাও তুমি কী করতে চাও। এ ছাড়া কোনো করব করব করেও করা হচ্ছে না। অনেক দিন ধরেই ভাবছিলে গিটারটা শিখবে, কোনো একটা ভাষা শিখবে। এই ছুটিটাকে কাজে লাগাও, মনস্থির করো কোনো একটা বা দুটি কাজ তুমি ভালোভাবে করতে চাও। বাগান করা, গান গাওয়া, লেখালেখি বা ছবি আঁকার মতো কোনো শখ থাকলে সেগুলোকে সময় দাও। অনলাইনে ফ্রি অনেক কিছু শিখতে পারো।

 ছুটির এ সময়টাতে পর্যাপ্ত বিশ্রাম, খাওয়া-দাওয়া, ঘুম ও ব্যায়াম করে শরীরটাকে ঠিক করে নিতে পারো। এ সময়টাতে তুমি ঠিক করে ফেলো সামনের দিনগুলোতে কী করতে চাও। জীবন নিয়ে তোমার ধারণা কী, জীবনে কী করতে চাও, যা হতে চেয়েছিলে তারদিকে কতটুকু এগোতে পেরেছো, আরও কী কী করলে ভালো হবে ভেবে ঠিক করে ফেলো। কিছুদিন পরপর ভেবে দেখো গত এক সপ্তাহ তুমি কী কী করছো, যা তোমার কাজে আসবে কি না।

 প্রতিদিনের নানা ব্যস্ততা নিজের ঘর, আসবাবপত্র গোছানো হয় না আমাদের। এই কদিন কাজের লোকেরও ছুটি। তাই লকডাউনে ঘরটিকে জীবাণুমুক্ত করো। ঘরের সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখো। এতে সময় কাটবে, মন ভালো থাকবে। আর জিনিসপত্র গোছাতে গিয়ে হয়তো এমন কিছু পুরনো জিনিস পেয়ে গেছো, যা তোমাকে নস্টালজিক করবে।