সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার হারিবন্দ হাওরে এ বজ্রপাত ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আওয়াল মিয়া (৩৫) ও একই গ্রামের চান্দু মিয়ার ছেলে বাবুল মিয়া (৩২)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার আমজোড়া গ্রামের কয়েকজন জেলে হারিবন্দ হাওরে মাছ ধরতে যান।

এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ওই দুজন মারা যান। পরে স্থানীয়রা রাতে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন একজন। শুক্রবার সকালে আওয়াল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই দুই জেলের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।