নারীদের বেশি বেশি বাড়িতে থেকে বয়স্ক অভিভাবকদের যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোর।
নারীবাদী সংগঠনের কর্মীরা তাকে ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে বলছেন, প্রেসিডেন্টের মুখে এ ধরনের কথাবার্তা শোভা পায় না।
বৃহস্পতিবার বক্তব্য দেয়ার সময় লোপেজ বলেন, ‘শুধুমাত্র নারীবাদের কারণ দেখিয়ে মানুষ নারীদের ভূমিকা পাল্টাতে চায়। কিন্তু মেক্সিকোর ঐতিহ্য হচ্ছে মেয়েরা বাড়ি থেকে বয়স্কদের সেবা করবে। আমরা পুরুষেরা তো অনেকটা বিচ্ছিন্ন।’
লোপেজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রুপ হ্যাশট্যাগ চালু করে আন্দোলনে নেমেছে। তাদের দাবি প্রেসিডেন্ট ১৯ শতকের ধ্যানধারণা নিয়ে বেঁচে আছেন, ‘আদিকালে পুরুষেরা বলতো আমরা একটু বেশি বিচ্ছিন্ন। আমাদের প্রেসিডেন্ট সেই দ্বায়ীত্বহীনতার কথা তুলে ধরছেন।
‘মেয়েরা বাড়িতে থেকে দেখাশোনা করবে, তার মানে তিনি মজুরীহীন কাজের কথা বলছেন।’
৬৬ বছর বয়সী এই নেতা এই প্রথম এমন বিতর্কিত মন্তব্য করে নেতিবাচক আলোচনায় এসেছেন। করোনা পরিস্থিতি নিয়েও বেশ চাপে আছেন। দেশটিতে ২৫ হাজারের বেশি মানুষ কভিড-১৯ রোগে মারা গেলেও তিনি সবকিছু চালুর চেষ্টায় আছেন।