বাংলাদেশে নির্যাতিত মানুষের আইনি প্রতিকার পাওয়ার স্থান সংকুচিত হয়েছে দাবি করে এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ)। গতকাল শুক্রবার নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।
যৌথ বিবৃতিতে তারা বলেন, জাতিসংঘের নির্যাতন বিষয়ক কনভেনশনে অন্তর্ভুক্তির সময় বাংলাদেশ ঘোষণা করে, দেশের আইন ও সংবিধান অনুযায়ী নির্যাতিত ব্যক্তি ও তার ওপর নির্ভরশীলদের প্রতিকার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করবে। এ কথার জন্য নেদারল্যান্ডস সরকার কনভেনশনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন তুলেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেও নির্যাতিত মানুষের নিরাপত্তা দেওয়া তথা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার ও প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই নির্যাতনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পন্থায় অপরাধ হিসেবে গণ্য করে আইন কার্যকর করতে হবে। ন্যাপ নেতারা বলেন, নির্যাতন স্পষ্টভাবে নিষিদ্ধ করা, নির্যাতনবিরোধী কনভেনশনের ১৪ অনুচ্ছেদের ১ উপধারার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, নির্যাতিত মানুষকে পর্যাপ্ত সাহায্য দেওয়া বাংলাদেশ সরকারের কর্তব্য।