করোনাভাইরাসের কারণে তিন মাস স্থগিত থাকার পর গেল ১৬ মে থেকে আবার শুরু হয়েছিল বুন্দেসলিগা। করোনাপরবর্তী সময়ে ইউরোপে সবার আগে ফুটবল লিগ চালু হয়েছিল জার্মানিতেই। আজ বুন্দেসলিগার ২০১৯-২০ মৌসুমের শেষ দিন। লিগ স্থগিতের সময় বাকি ছিল ৯ রাউন্ড। রেকর্ড টানা অষ্টমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ তা জানা হয়ে গেছে আগেই। দ্বিতীয়তে থাকছে বরুশিয়া ডর্টমুন্ড সেটাও নিশ্চিত। তবে আজ শেষ দিনে অপেক্ষা করছে চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার এবং রেলিগেশন এড়ানোর লড়াই। ১৮ দলের লিগে ৩৩ ম্যাচ শেষে শীর্ষে বায়ার্ন (৭৯ পয়েন্ট), দ্বিতীয়তে ডর্টমুন্ড (৬৯) বাকিদের ধরাছোঁয়ার বাইরে। ৬৩ পয়েন্টে তৃতীয়তে আছে লাইপজিগ। আজ আগসবুর্গের বিপক্ষে হারলেও চতুর্থ দল হিসেবে লাইপজিগ কোয়ালিফাই করবে চ্যাম্পিয়নস লিগে। জিতলে যাবে লিগের তৃতীয় দল হিসেবে।