স্কটল্যান্ডে ছুরি হামলায় ৩ জনের মৃত্যুর আশঙ্কা, গুলিতে হামলাকারী নিহত

স্কটল্যান্ডের গ্লাসগো সিটি সেন্টারে একটি হোটেলে ছুরিকাঘাতের ঘটনায় তিন জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে।

বিবিসি জানায়, স্কটিশ পুলিশ ফেডারেশন একজন পুলিশ কর্মকর্তার ছুরিকাহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ওয়েস্ট জর্জ স্ট্রিট দ্যা পার্ক ইনের বাইরে ঘটনাস্থলে এখন আর্মড পুলিশ অবস্থান করছে।

স্কটিশ আইনমন্ত্রী হামজা ইউসাফ টুইট বার্তায় বলেছেন, সরকার ঘটনা সম্পর্কে অবহিত হয়েছে।

কাছেই একটি ভবন থেকে ঘটনাটি দেখেছেন ক্রেইগ মিলরয় নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, অন্তত চারজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে।

পিএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, দেখলাম আফ্রিকানদের মতো একজন পড়ে আছে। পায়ে জুতো নেই। তিনি মাটিতে পড়ে ছিলেন আর পাশ থেকে একজন ধরে আছে। জানি না তিনি গুলিতে নাকি ছুরিতে আহত হয়েছেন, নাকি অন্য কিছু।

মিলরয় বলেন, এই লোক ছিলেন চারজনের একজন যাদের স্বাস্থ্যকর্মীরা নিয়ে গেছে এবং মনে করা হচ্ছে তিনি হামলার শিকার হয়েছেন।

তিনি জানান এরপর অ্যাম্বুলেন্স আসতে থাকে ও হোটেলটির সব জায়গায় আর্মড পুলিশকে দেখা যায়।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, তারপরেও আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। পুলিশ আসার পর সবাই নিচে আসলাম। দাঙ্গা পুলিশ আমাদের ফিরে যেতে ও দরজা বন্ধ করে দিতে বললো।

এদিকে পুলিশ ঘটনাটিকে এখনো সন্ত্রাসী হামলা হিসেবে ধারনা করছে না। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা ১৭, ১৮, ২০, ৩৮ এবং ৫৩ বছর বয়সী বলে জানা গেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং সাধারণ মানুষের জন্য আর কোনো বিপদ নেই।