পরিবারের এক সদস্যের জন্মদিনে ‘সারপ্রাইজ পার্টি’ করে ১৮ জন মার্কিন নাগরিক নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে দুজনের বয়স ৮০।
এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টির একটি ভিডিওতে দেখা গেছে টেক্সাসের কারোলটন এলাকায় তারা আনন্দ-উল্লাস করে পার্টিতে মাতেন। এর মধ্যে একজন যে করোনা আক্রান্ত ছিলেন, তা কেউ জানতেন না। এমনকি ওই ব্যক্তিও নিজের অসুস্থতার বিষয়ে অবগত ছিলেন না। এই ঘটনা ঘটে প্রায় এক মাস আগে।
সংক্রমিতদের মধ্যে দুজন বয়স্কের পাশাপাশি একজন ক্যানসার রোগী, দুই শিশু এবং আরও দুজন বয়স্ক ব্যক্তি আছেন।
আক্রান্তদের মধ্যে চার-পাঁচজন সেরে উঠলেও বাকিরা হাসপাতালে আছেন। বয়স্ক এক ব্যক্তিকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।
টেক্সাসে করোনাভাইরাস গত কয়েক মাসে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় সাড়ে চার হাজার মানুষ এখনো হাসপাতালে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৩৪ জন।
টেক্সাসের এই ঘটনা থেকে সেখানকার চিকিৎসকেরা অন্যদের সতর্ক হতে বলছেন। এই সময়ে কোনোভাবেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।