টাঙ্গাইলের মির্জাপুর দুই পুলিশ সদস্য ও এক হোমিও চিকিৎসকসহ নতুন করে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৭৩ জন করোনায় সংক্রমিত হলেন।
শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, করোনা উপসর্গ থাকায় সংগৃহীত নমুনার মধ্যে ১৯ জুন ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) এবং ২৩ থেকে ২৪ জুন ঢাকা শিশু হাসপাতালে পাঠানো নমুনা সমূহের আংশিক ফলাফলে ওই ১৮ জনের করোনা পজিটিভ হয়।
মির্জাপুরে এ পর্যন্ত আক্রান্ত ১৭৩ জন করোনা রোগীর মধ্যে চারজন জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৪৩ জন। অন্যরা নিজের বাড়িতে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতি থেকে শনিবার তিন দিনে মির্জাপুরে ৪৮ জন করোনায় আক্রান্তের খবরে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লে্খ্য, মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে গত ১৬ জুন থেকে পৌরসভার তিন নং ওয়ার্ডে (বাজার এলাকা) লকডাউন চলছে। আগামী ২ জুলাই পর্যন্ত তা চলবে। করোনা ঝুঁকি এড়াতে আজ শুক্রবার সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত পুলিশ সদস্যকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।