প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার সকালে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কাজী জাহিদুর রহমান রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম বলেন, সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মামলায় জেলে আছেন। সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শ মতো সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, ফেইসবুকে মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে শিক্ষক কাজী জাহিদুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় নগরীর মতিহার থানা পুলিশ।