সম্প্রতি সন্ত্রাসীদের হাতে নিহত কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিহত পারভেজ হোসেনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বিএনপি।
শনিবার দুপুরে কুমিল্লার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পারভেজ হোসেনের পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা প্রকাশ করে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল নেতা পারভেজ হোসেনের নিহতের কথা শুনে তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আমাদের পাঠিয়েছেন আমরা যেন সরেজমিনে গিয়ে নিহতের পরিবারকে দেখে আসি এবং তাদের জন্য সামান্য আর্থিক সহায়তা প্রদান করি।
তিনি অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসীদের বাঁধার কারণে আমরা কালির বাজারে যেতে পারিনি। ফলে বাধ্য হয়ে স্থানীয় একটি হোটেলে অনুদান নিহত পারভেজের মায়ের হাতে তুলে দিই।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সহসভাপতি মোক্তাদীর হোসেন তরু ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ, কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।