দুর্বৃত্তদের হামলায় করোনার ৮ স্বেচ্ছাসেবক আহত

মাদারীপুরে কালকিনি উপজেলার ডাসারের নবগ্রাম বাজারে শনিবার দুপুরে করোনা প্রতিরোধে কাজ করা ‘নবগ্রাম যুবসমাজ’ সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় সংগঠনের ৮ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন নৃপেন বৈদ্য, শিবশঙ্কর ভক্ত, দিপংকর মন্ডল, নির্মল মন্ডল, শিপন হাওলাদার, তনু বিশ্বাস, আকাশ মন্ডল, সজীব মন্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার প্রার্দুভাব ঠেকাতে শনিবার সকাল থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করে নিজ কার্যালয়ে ফিরছিল ‘নবগ্রাম যুবসমাজ’ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। দুপুরে নবগ্রাম বাজারে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আহত হয় সংগঠনের ৮ সদস্য। তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।