করোনা জয় করে বাসায় ফিরলেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি সুস্থ হয়ে ওঠার পর শনিবার উত্তরার বাসায় ফিরেছেন।

সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ নেয়ায় এবং দরকার অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় সাবেক চীফ হুইপ রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রীর সামরিক সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার তার প্রথম ফলোআপ টেস্টের নমুনা সংগ্রহ করা হলে তাতে ফলাফল নেগেটিভ এসেছে।

সংসদের সরকারী অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি আব্দুস শহীদ গত ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে ১৮ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আব্দুস শহীদকে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় কারও করোনাভাইরাস ধরা পড়লে তাকে হাসপাতালে বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়। উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পর পর দুটি পরীক্ষার ফল নেগেটিভ হলে তাকে ‘সুস্থ’ বলা হয়।