মিটফোর্ডে নকল সুরক্ষা সামগ্রী: ১০ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল সুরক্ষা সামগ্রী মজুতের দায়ে ১০ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া, এক প্রতিষ্ঠানের মালিক মোস্তফা কামলাকে তিন মাসের আর ম্যানেজার আবু কায়সারকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের নকল সুরক্ষা সামগ্রী।

শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় র‌্যাব-১০ এর পরিচালিত অভিযানে এ শাস্তি প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। মান না থাকায় এসব নকল হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।