সিলেটে আরও এক করোনা আইসোলেশন সেন্টার চালু

সিলেটে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে যাত্রা শুরু করল নগরীর খাদিমপাড়ার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল। গতকাল শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন। করোনার সংক্রমণ বিবেচনায় নতুন এ আইসোলেশন সেন্টারটি চালু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

ভিডিও কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটে করোনা রোগীর চিকিৎসা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টরা সতর্ক রয়েছেন। সংক্রমণের শুরু থেকেই নগরীর সরকারি শহিদ শামসুদ্দিন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে আরও ২টি বেসরকারি হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার চালু করা হয়। এখন আরও একটি সরকারি হাসপাতাল যুক্ত হলো। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা চিকিৎসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই আমরা করোনা থেকে মুক্ত হব।’ হাসপাতালটিকে করোনা আইসোলেশন সেন্টারে রূপান্তরে সহযোগিতা করায় সিলেট কিডনি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।