চীনা কর্মকর্তাদের ভিসায় বিধিনিষেধ দিচ্ছে যুক্তরাষ্ট্র

হংকংয়ের নতুন নিরাপত্তা আইনের সঙ্গে সংশ্লিষ্ট চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের ভিসায় ওয়াশিংটন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনের ক্ষমতাসীন দলের ‘সাবেক ও বর্তমান কর্মকর্তারা’ এ বিধিনিষেধের আওতায় পড়বেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসির প্রতিবেদন মতে, হংকংয়ের স্বায়ত্তশাসনকে ঝুঁকির মুখে ফেলা নতুন নিরাপত্তা আইন নিয়ে পেইচিংকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই প্রতিশ্রুতির ধারাবাহিকতাতেই এ বিধিনিষেধ দেওয়া হচ্ছে বলে শুক্রবার পম্পেও জানান। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘ভুল হচ্ছে’ অ্যাখ্যা দিয়ে চীন ওয়াশিংটনকে শিগগিরই এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। হংকং নিরাপত্তা আইন নিয়ে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈঠকের দুই দিন আগে যুক্তরাষ্ট্রের দিক থেকে বিধিনিষেধ আরোপের বিষয়ে জানানো হলো।