শরীয়তপুরে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, গ্রেপ্তার ২

শরীয়তপুর জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা এলাকায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় শাকিল মাদবর (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাকিল উপজেলার হাজি কালাই মোড়লের কান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে। সে স্থানীয় এ্যাম্বিশন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় দায়ের করা মামলায় গত শুক্রবার সাকিব মাদবর বাবু (২০) ও ইমরান মোড়লকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল দুপুর দেড়টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, গত ২৫ জুন শাকিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাকিব। পরে সাকিব, আক্তার মাদবর, সজিব মাঝি, ইমরান মোড়ল, মহসিন হাওলাদার ও স্বপন সরদার শাকিলকে অপহরণ করে মোসলেম ঢালীর কান্দি গ্রামে নিয়ে আটকে রাখে। অপহরণকারীরা শাকিলের চাচা শাহাজুল ইসলাম মাদবরের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেওয়ায় তারা শাকিলকে হত্যা করে ওই গ্রামের মাঠে তার লাশ মাটিচাপা দিয়ে রাখে।