২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রতিবাদ মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে হবিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সাংবাদিকরা বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের দায়ের করা মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনির্দিষ্ট তথ্যসহ সংবাদ প্রকাশের নীতিমালা মেনে মৎস্য কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। তারপরও হবিগঞ্জের দুজন সাংবাদিককে জড়িয়ে হয়রানির জন্য বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ওই সরকারি কর্মকর্তা।

কয়েক মাস আগে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন মোহাম্মদ আলম।