টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, তার মেয়ে ও শ্রমিকদল নেতাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে দাঁড়ালো ১৮১ জন।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, গত ২৪ জুন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা মির্জাপুরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহীত নমুনা ঢাকা শিশু হাসপাতালে পাঠায়। রবিবার ৮ জনের করোনায় আক্রান্তের খবর জানানো হয়। আক্রান্তদের মধ্যে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, তার মেয়ে, উপজেলা শ্রমিকদল সভাপতি কুব্বত আলী মৃধার নাম রয়েছে।
আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে কথা হলে তিনি জানান, বেশকিছু দিন ধরে তিনি শরীরে ব্যথা অনুভব করছিলেন তিনি। গত বুধবার করোনা পরীক্ষার নমূনা দিলে চারদিন পর রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ওষুধ খাওয়াতে বর্তমানে তার শরীরের ব্যথাও অনেকটা কমে গেছে বলে তিনি জানান।
আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও একই বছর ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মির্জাপুর দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮১ জন। এর মধ্যে মারা গেছে পাঁচজন, সুস্থ হয়েছেন ৪৩ জন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।