কেরানীগঞ্জে রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মকবুল হোসেন (৩২) নামে এক রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম জানান, মকবুল হোসেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর এলাকার কাদের মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার পাঁচদোনা এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন। শনিবার বিকালে রিকশা চালাতে যান মকবুল। তারপর আর বাসায় ফিরে আসেননি। পরে খোঁজখুঁজি করে আজ সকালে জানতে পারি তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।