কিশোরগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাজহারুল হক রানা (৬৫) নামে এক প্যাথলজি মালিক মারা গেছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মাজহারুল হক রানা জেলার তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের প্রয়াত মাওলানা আবদুল হামিদ বেলংকীর ছেলে।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের বিপরীতে রানা প্যাথলজি নামে একটি প্যাথলজি ক্লিনিক চালাতেন মাজহারুল হক রানা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মাজহারুল হক রানাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন শনিবার (২৭ জুন) তার নমুনা সংগ্রহ করা হয়। তার নমুনা পরীক্ষার ফলাফল এখনো পায়নি।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি জানান, অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় শনিবার (২৭ জুন) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। করোনা উপসর্গ ছাড়াও তার ডায়াবেটিস ও হৃদরোগজনিত সমস্যা ছিল। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।