নিজ দেশে ফেরত যাওয়ার সময় প্রায় দুই লাখ প্রবাসী শ্রমিককে ফ্রিতে করোনা টেস্ট করিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ। আরব আমিরাতের রাজধানী শহরটির দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা কমিটি রবিবার এ তথ্য জানায়।
গালফ নিউজ জানায়, করোনা গত তিন মাসে নিজ ফেরত যাওয়ার সময় এক লাখ ৮০ হাজার প্রবাসী শ্রমিককে বিনা খরচে এই করোনা টেস্ট করানো হয়।
এ ছাড়া করোনা পরিস্থিতির মধ্যে বেকার হয়ে পড়ে দক্ষ শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করে আবুধাবি কর্তৃপক্ষ। সেইসঙ্গে নিজ দেশে ফেরত যেতে যাবতীয় সহায়তা দেয়া হয় তাদের।
আবুধাবি স্বাস্থ্য বিভাগ এবং অর্থনীতি উন্নয়ন বিভাগের সঙ্গে এক সমন্বিত কর্মসূচিতে বিদেশী শ্রমিকদের করোনা পরিস্থিতির মধ্যে এভাবে দেখভাল করে দুর্যোগ, বিপর্যয় মোকাবিলা ও জরুরি ব্যবস্থানা বিষয়ক কমিটি।
দেশটিতে অবদান রাখা বিদেশি শ্রমিকদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা পরিস্থিতিতে সব ধরনের সহায়তা দেয়া হয় বলে কমিটি জানায়।
করোনা পরিস্থিতি মোকাবিলায় আবুধাবি কমিটিটি আরও জানায়, বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কট শুরুর পর থেকে এই কমিটি নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করেছে, যাতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটি ছিল সর্বোচ্চ আন্তর্জাতিক মান অনুযায়ী। সংক্রমণ থেকে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োগ করা হয়।
প্রসঙ্গত আরব আমিরাতে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩১১ জন।