বিক্রয় ডটকমে মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে যুবক নিখোঁজ

বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে সুমন হাওলাদার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় রবিবার তার বাবা মুজিবুর রহমান হাওলাদার রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার ছেলে সুমন গুলশানে একটি প্রসাধনীর দোকানে চাকরি করে। তার নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মোবাইলে একটি ফোন আসে। ফোন পেয়ে সে মোটরসাইকেল নিয়ে ভাটার থানার শেওড়া বাজার এলাকা থেকে বের হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সে ফোন করে বাসায় ফেরার কথা জানায়। রাত ৮টার দিকে তার ফোনে কল দিলে সে লাইন কেটে দেয়। রাত সাড়ে ৮টার দিকে জানায়, সকালে (রবিবার) সকালে বাসায় আসব। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ রয়েছে।

ভাটারা থানার ওসি মোকতার উজ জামান দেশ রূপান্তরকে বলেন, আমরা প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে সুমনকে খুঁজে বের করার চেষ্টা করছি। রাত সাড়ে ৮টায় সুমনের ছোট ভাইর সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। তখন তার অবস্থান ছিল পল্টনে। যেসব নম্বর থেকে সুমনকে কল করা হয়েছে সেগুলো পাওয়া গেছে। আশা করছি শিগগিরই তাকে উদ্ধার করতে পারব।