সুশান্ত সিং রাজপুতকে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করার অভিযোগে ইতিমধ্যেই বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের হয়েছে করণ জোহর, সালমান খান, সঞ্জয় লীলা বানশালির নামে। সেই তালিকায় রয়েছে বালাজি টেলিফিল্মসের কর্ণধার একতা কাপুরের নামও। যিনি কিনা প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ করে দিয়েছিলেন সুশান্তকে। আর তার আত্মহত্যার জন্যই কেন একতা কাপুরকে কাঠগড়ায় তোলা হচ্ছে? প্রশ্ন তুলেছেন মিকা সিং।
একতা প্রযোজিত ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়েই দর্শকদের অন্দরমহলে পরিচিতি লাভ করেন সুশান্ত। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে একতা নিজেও জানিয়েছিলেন যে, ‘এই ছেলেটিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিল শোয়ের নির্মাতারা। কিন্তু আমি ওর উপর আস্থা রেখে বলেছিলাম- দেখবেন এই ছেলেটার মিষ্টি হাসি দর্শকদের মন জয় করে নেবে। হলও তাই! ধন্যবাদ সুশান্ত, আমার মান রাখার জন্য।’ আর সেই অভিনেতার আত্মহত্যার জন্যই কিনা একতা কাপুরকে দায়ী করা হচ্ছে? এই বিষয়ের তীব্র নিন্দা করে মুখ খুলেছেন মিকা সিং।
ঠিক কী বললেন বলিউড গায়ক? ‘একতা কাপুরই প্রথম যিনি সুশান্ত সিং রাজপুতকে পবিত্র রিস্তার মতো টেলিভিশনের নম্বর ওয়ান শোয়ের প্রধান চরিত্রে কাস্ট করেছিলেন। সেই একতা কাপুরকেই কীভাবে সুশান্তের আত্মহত্যার জন্য নিশানা করা হয়? মুম্বাই ইন্ডাস্ট্রিতে এরকম প্রচুর অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, যাদের লঞ্চ করিয়েছেন একতা কাপুর। আমার নিজের যখন সিনেমা মুক্তি পেয়েছিল, মিউজিক লঞ্চ করার জন্য অমিতাভ বচ্চন এসেছিলেন। আমার একটা অনুরোধেই শুধু। আমি তো এটা অস্বীকার করতে পারি না, যে আমি সাপোর্ট পাইনি! সেরকমই একতা কাপুরও কিন্তু অনেককে ব্রেক দিয়েছেন ইন্ডাস্ট্রিতে, মন্তব্য গায়কের।