সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ভুলিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
আলজাজিরা জানায়, মন্ত্রী ভুলিনের মধ্যে করোনার উপসর্গ নেই বলে সার্বিয়ান মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিকের নেতৃত্বে একটি দল মস্কোতে রাশিয়ার একটি প্যারেড কুচকাওয়াজে যোগ দেয়। সেই প্রতিনিধি দলে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ভুলিনও।
বুধবার মস্কোর রেড স্কোয়ারে বিরাট ওই সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ইউরোপে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া।
সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশটির বিরাট ভূমিকা ছিল হিটলারকে পরাজিত করার পেছনে। প্রায় দুই কোটি সোভিয়েত নাগরিক মারা গিয়েছিলেন যুদ্ধে।
কুচকাওয়াজে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে মুখোমুখি দেখা করেন সার্বিয়ান প্রেসিডেন্ট ভুকিক। তবে ভুলিনও রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন কীনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শনিবার সার্বিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জনায়, দেশটির পার্লামেন্টের স্পিকার মাজা গজকভিচও করোনা আক্রান্ত।
দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ২৬৫ জন।