এমপি শিখরের মা মনোয়ারা মারা গেছেন

মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখরের মাতা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক বেগম মনোয়ারা জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রবিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মাগুরা পশু হাসপাতালপাড়ার নিজ বাস ভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার বড় ছেলে মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু জানান, তার মা বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে সম্প্রতি তিনি মাগুরায় ফিরে আসেন। রবিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম মনোয়ারা জামানের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের চারবারের সাংসদ ছিলেন। তার বড় মেয়ে কামরুল লাইলা জলি প্রাক্তন সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন। তার তৃতীয় ছেলে সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব ও বর্তমান মাগুরা-১ আসনের এমপি।