অনলাইনে বাইক বেচতে গিয়ে যুবক নিখোঁজ

অনলাইনে কেনাকাটার পোর্টাল বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে মোটরসাইকেল বেচতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। তার নাম সুমন হাওলাদার (৩০)। এ ঘটনায় গতকাল রবিবার তার বাবা মুজিবুর রহমান হাওলাদার রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার ছেলে সুমন গুলশানে একটি প্রসাধনীর দোকানে চাকরি করে। তার নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দেয়। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। কল পেয়ে সুমন মোটরসাইকেল নিয়ে ভাটার থানার শেওড়া বাজার এলাকা থেকে বের হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সে ফোন করে বাসায় ফেরার কথা জানায়। রাত ৮টার দিকে তার ফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কল করে জানায়, সকালে (রবিবার) বাসায় আসবে। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

ভাটারা থানার ওসি মোকতার উজ জামান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে সুমনকে খুঁজে বের করার চেষ্টা করছি। রাত সাড়ে ৮টায় সুমনের সঙ্গে তার ছোট ভাইয়ের সর্বশেষ কথা হয়েছে। তখন তার অবস্থান ছিল পল্টনে। যেসব নম্বর থেকে সুমনকে কল করা হয়েছে, সেগুলো পাওয়া গেছে। আশা করছি শিগগিরই তাকে উদ্ধার করতে পারব।’