এফএ কাপের সেমিতে ম্যানইউ ও আর্সেনাল

এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবারের কোয়ার্টার ফাইনালে ১০ জনের নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শেষ দিকে হ্যারি ম্যাগুয়েরের গোলে জেতে রেড ডেভিলরা। এ নিয়ে ৩০তম বার মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শেষ চারে উঠল তারা। ২০১৬ সালে সবশেষ এফএ কাপ জিতেছিল ম্যান ইউনাইটেড।

করোনাভাইরাসের কারণে ১১৪ দিনের বিরতির পর শনিবার ফের মাঠে গড়ায় এফএ কাপ। প্রতিপক্ষের মাঠে ৫১ মিনিটে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড। ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান নাইজেরিয়ান উইঙ্গার ওদিওন ইগহালো। ৭৫ মিনিটে টড ক্যান্টওয়েল সমতা ফেরান নরউইচের পক্ষে। ৮৯ মিনিটে টিম ক্লোসা ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় নরউইচ। অতিরিক্ত সময়ের ২৮ মিনিটে ম্যাগুইয়ের গোল জয় এনে দেয় ইউনাইটেডকে। 

গতকাল আর্সেনাল ২-১ গোলে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে। ইনজুরি সময়ে গোল করে গানারদের জয় এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার দানি কেবালোস। তার আগে ২৫ মিনিটে নিকোলাস পেপে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন আর্সেনালকে। ৮৭ মিনিটে সমতা ফেরান ডেভিড ম্যাকগোল্ডরিক। ইন্টারনেট।