‘বর্ণবাদ ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধ’

ক্রিকেটে ম্যাচ ফিক্সিং মারাত্মক অপরাধ। আর ক্রীড়া বিশ্বে ডোপিং মারাত্মক অপরাধ। উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের মতে বর্তমান সময়ের আলোচিত ঘটনা বর্ণবাদকে এই রকম অপরাধের কাতারে ফেলা হোক। ২৮ বছর বয়সী অধিনায়কের ইচ্ছা ক্রিকেটে ওই অপরাধগুলোর মতো শাস্তিযোগ্য করা হোক বর্ণবাদকে।

গত বছর বর্ণবাদমূলক শব্দ উচ্চারণ করে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফেহলুকওয়েওকে কিছু একটা বলে এই শাস্তি পেয়েছিলেন তিনি। এই মাসের শুরুতে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি ও ক্রিস গেইল। নিজেদের সঙ্গে হওয়া পূর্বের ঘটনা উল্লেখ করে চলমান ট্রেন্ড ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এ দুই তারকা। হোল্ডার বলেন, ‘ডোপিং বা ফিক্সিংয়ের জন্য ক্রিকেটে যেমন শাস্তির ব্যবস্থা আছে বর্ণবাদের জন্যও একই শাস্তির ব্যবস্থা করা উচিত। আমাদের খেলার সঙ্গে এমন কোনো কিছু জড়িয়ে গেলে আমাদের এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’ বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি সিরিজের আগে এ বিষয় নিয়ে দুই দলকে পরামর্শ দেওয়ার কথা বললেন হোল্ডার, ‘আমাদের প্রায় সময়ই অ্যান্টি ডোপ বা অ্যান্টি ফিক্সিং ব্রিফিং করানো হয়, বর্ণবাদের বিরুদ্ধেও প্রতি সিরিজের আগে এমন ব্রিফিং থাকতে পারে। আমার বার্তা হলো বর্ণবাদ থামানোর জন্য এর বিরুদ্ধে সবার মাঝে সচেতনতা, শিক্ষা বাড়াতে হবে। আমি এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো কিছুর সম্মুখীন হইনি তবে এমন কিছু কয়েকবার শুনেছি আবার দেখেছিও।’ ইন্টারনেট।