করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে বারবার ভুলভাল সংবাদ ছড়াচ্ছে। তাই আবার বাংলাদেশের সফলতম অধিনায়ক সেইসব খবরকে উড়িয়ে দিয়ে নিজে জানালেন, তিনি শারীরিক দিক দিয়ে ভালো আছেন। বাসায় চিকিৎসা নিচ্ছেন। ২০ জুন কভিড-১৯ এ পজিটিভ হওয়ার পর ফিরতি টেস্ট আর করাননি।
‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কভিড-১৯ নেগেটিভ।’ গতকাল নিজের ফেইসবুক পেজে মাশরাফীকে এভাবে তার লেখাটা শুরু করতে হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সেই খবরের কোনো ভিত্তি নেই জানিয়ে লিখেছেন, ‘এটি মোটেও সত্য নয়। এখনো পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানোর ইচ্ছে আছে।’
এরপর নিজের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন মাশরাফী। নড়াইল-২ আসনের সরকারি দলের সাংসদ মাশরাফী মিরপুরে পরিবারের সঙ্গে আছেন। কদিন আগে একবার হাসপাতালে গিয়েছিলেন এক্স-রে করাতে। বড় কোনো জটিলতা নেই।
মাশরাফী জানিয়েছেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি।’
করোনার বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই চলছে। সবার জন্য আরও লড়াই করতে চান মাশরাফী। তবে সবাইকে সতর্ক করে দিয়ে মাশরাফী তার স্ট্যাটাসের ইতি টেনেছেন এভাবে, ‘সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’