তাহসানকে গান লেখার চ্যালেঞ্জ ছুড়ে দিল মেয়ে আইরা তাহরিম খান। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও-সহ জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা।
‘আইরা আর বাবার গান’ হ্যাশট্যাগ দিয়ে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে তাহসান লেখেন—
“আমার মেয়ে: 'বাবা চলো একটা গান লিখি, আমি এক লাইন লিখবো, তুমি এক লাইন, এভাবে'
শেষ পর্যন্ত যা দাঁড়ালো তার প্রথম চার লাইনে তিনি বৃষ্টিতে ভিজতে চান, আর তার বাবা তাকে পরের দুই লাইনে ভিজতে বারণ করছেন...
অদৃশ্য পরজীবীটাকে কুপোকাত করতে পারলে আমরা আবার ভিজবো, সেদিন আমরা আর জ্বর ঠান্ডা কে ভয় পাব না, আমরা আবার একদিন ভিজবো।”
আইরার সেই গান তাহসানের ভক্তরা ভীষণভাবে পছন্দ করেছেন। পোস্টে লাইক পড়েছে দেড় লাখ। শেয়ার হয়েছে সাত হাজারের মতো, মন্তব্যও পাঁচ হাজারের কাছাকাছি।
২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তাদেরই সন্তান আইরা, ২০১৩ সালের ৩০ এপ্রিল তার জন্ম। ২০১৭ সালের মাঝামাঝি সময় তাহসান-মিথিলার বিচ্ছেদ হয়।