জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে শত ভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামো অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব হলরুমে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বে- সরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া শাখা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বে- সরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখার প্রচার সম্পাদক প্রভাষক মমিন খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী কভিড ১৯ মহামারিতে জনজীবন বিপর্যস্ত। স্কুল-কলেজ বন্ধ।
এ পরিস্থিতে হাতে গোনা কয়েকটি কলেজ বাদ দিয়ে অনার্স মাস্টার্স শিক্ষকদের বেতন-ভাতাও বন্ধ। অন্যদিকে সহায়ক আয়ের উৎস প্রাইভেট টিউশনিও বন্ধ। ফলে শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানববেতর জীবনযাপন করছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরব নিষ্ঠুর ও মূর্তিময়ী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আমাদের দাবি ননএমপিও শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০১৮তে অন্তর্ভুক্ত করতে হবে এবং বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষকদের মানবেতর জীবনযাপন কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ঋণ বাবদ ১০০০ কোটি টাকা বরাদ্দও দেয়া জরুরি। প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের এমপিওভুক্ত আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বে- সরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. বকুল মিয়া হাজারী, সহ-সভাপতি আব্দুল বাতেন, রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল দাস।