লকডাউন তোলার পর ভারতে সংক্রমণ দ্বিগুণ, শনাক্ত সাড়ে ৫ লাখ

ভারতে লকডাউন থেকে আনলকে এসে দ্বিগুণের বেশি করোনা সংক্রমণ হয়েছে। দেশটিতে করোনা শনাক্ত সাড়ে ৫ লাখ ছুঁই ছুঁই। মারা গেছে প্রায় সাড়ে ১৬ হাজার।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে আরও ১৯ হাজার ৪৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

চব্বিশ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৩৮০ জন করোনা আক্রান্ত রোগী।

ভারতে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৪৮ হাজার ৩৪৮ জন। মোট মারা গেছেন ১৬ হাজার ৪৭৫ জন।

ভারতে লকডাউন খোলার পর দ্রুতগতিতে বেড়েছে সংক্রমণ। লকডাউন-৪.০ পর্যন্ত ৪৭ শতাংশ ছিল সংক্রমণ বাড়ার হার। সেটা আনলক -১ এ এসে ৫৮.৬৭% হয়েছে।

আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পরই রয়েছে ভারত। মৃত্যুর নিরিখে দেশটি বিশ্বে ৮ নম্বরে অবস্থানে রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৫ লাখ সাড়ে ৪ হাজার মানুষ।