পিছিয়ে গেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। তবে করোনাভাইরাসের কারণে আসরটি এ বছর হচ্ছে না। পিছিয়ে গেছে আগামী বছর পর্যন্ত।

সোমবার সাফের দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকদের অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী বছর কোন সময়ে সাফ আয়োজিত হবে তা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের পরের বৈঠকে ঠিক হতে পারে।

২০১৮ সালে সব শেষ সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল ঢাকায়। মুজিববর্ষ উপলক্ষে এ বছরও সাফের আয়োজক হয় বাংলাদেশ। তবে মার্চে বিশ্বজুড়ে করোনার প্রকোপে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক বড় আসর বাতিল হয়ে যায়।

সাফ নিয়েও শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর যে সূচি ছিল, সেই সূচিতে টুর্নামেন্ট হচ্ছে না।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘আমরা আজ সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। সাফের এ বছরের বর্ষপঞ্জি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, এ বছর সেপ্টেম্বরে ঢাকায় যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, সেটা আগামী বছর পর্যন্ত বাতিল করা হলো। আগামী বছর টুর্নামেন্ট কখন হবে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নির্দিষ্ট তারিখ কদিনের মধ্যে জানাব।’

এ বছর সাফের বেশ কয়েকটি বয়সভিত্তিক আসরও হওয়ার কথা রয়েছে। সেগুলো নিয়েও রয়েছে অনিশ্চয়তা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেই আসরগুলোও পিছিয়ে যাওয়ার ইঙ্গিত হেলালের কণ্ঠে।

বললেন, ‘আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি আবার বসব। করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে যদি দেখা যায় যে, একটি বা দুটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব, তাহলে ডিসেম্বরে সেটা করব। তা না হলে, এগুলোও বাতিল করা হবে পরবর্তী বছর পর্যন্ত।’