রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া এলাকায় আটকে রাখা একটি মায়া হরিণের শাবক উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওয়াগ্গার রাজন দাসের বাড়ি থেকে হরিণ শাবকটি উদ্ধার করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন।
পুলিশ জানায়, কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউপি এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা রাজন দাসের বাড়িতে গত ২৮ জুন সকালে গৃহপালিত ছাগলের সাথে বন থেকে একটি মায়া হরিণ শাবক চলে আসে। এ সময় হরিণ শাবকটি ধরে বিক্রি করার উদ্দেশ্যে আটকে রাখেন রাজন দাস। হরিণ শাবক আটকে রাখার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে “কাপ্তাই সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ” এর সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন মামুন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছারকে অবহিত করেন।
এএসপি জুনায়েত কাউছার তৎক্ষণাৎ কাপ্তাই থানা পুলিশকে হরিণ শাবকটি উদ্ধার করতে নির্দেশ দেন। সোমবার সকালে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দীনসহ একদল পুলিশ গিয়ে হরিণ শাবকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, উদ্ধারকৃত হরিণ শাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সেটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে ছেড়ে দিয়েছেন।