টাঙ্গাইলের মির্জাপুরে চার বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার শিশুটির মা মির্জাপুর থানায় ওই দুই কিশোরের নামে যৌন হয়রানির মামলা করেন।
উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের উত্তর নাজিরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে করা হয়। গ্রেপ্তার দুই কিশোর মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে মাদ্রাসার মসজিদে শিশুটি নামাজ পড়তে গেলে ওই মাদ্রাসার দু্ই ছাত্র তাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে যৌন হয়রানি করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই দুই কিশোর পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার পর বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার জন্য শিশুর পরিবারকে চাপ দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা থানা পুলিশ অবগত হলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমানের নির্দেশে ওই দুই কিশোরকে রবিবার গ্রেপ্তার করা হয়। পরে সোমাবার শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে দুই কিশোরকে জেল হাজতে পাঠানো হবে।