নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনায় তার স্ত্রী শাহিনা হোসেন পল্লবী (৪৫) ও শাশুড়ি শান্তা পারভেজের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নান্নুর বড় ভাই মো. নজরুল ইসলাম খোকন বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি করেন।
গত ১২ জুন ভোররাতে বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর সড়কের বি ব্লকের ৪৪ ও ৪৬ নম্বর বাসার ১০ তলায় নিজ ফ্ল্যাটে রহস্যজনক আগুনে দগ্ধ হন নান্নু। ওইদিন তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। আগুনে তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। পরদিন সকালে তিনি মারা যান। এর আগে গত ২ জানুয়ারি একই ঘরে পুড়ে মারা যান তার ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪)।
বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, সাংবাদিক নান্নুর মৃত্যুর রহস্য উদঘাটনে গঠিত গুলশান বিভাগ পুলিশের তদন্ত কমিটি কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিস, সিআইডি ও তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ আলাদা তদন্ত করছে। স্ত্রী শাহিনার করা অস্বাভাবিক মৃত্যুর মামলার সূত্র ধরে ঘটনার তদন্ত চলছিল। এখন হত্যা মামলা হয়েছে। সেভাবে তদন্ত এবং আদালতের অনুমতি সাপেক্ষে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত হবে।
এজাহারে নজরুল ইসলাম উল্লেখ করেন, নান্নু বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এর কিছু সময় পর আগুন লাগে। এছাড়া নান্নু একাই ছাদে গিয়ে পাইপ এনে আগুন নেভানোর চেষ্টা করে। স্ত্রী ও শাশুড়ি নেভানোর চেষ্টা করেনি। নান্নু নিজেই ১০তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামে।