মৌলিক সাক্ষরতা প্রকল্প

সম্মানী কম দেওয়ার প্রতিবাদ মার খেলেন ৩ শিক্ষক

সিলেটের বিশ্বনাথে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের তাদের প্রাপ্য বেতনের চেয়ে কম টাকা দেওয়ার চেষ্টার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন শিক্ষক আহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত অভিযোগে প্রকল্পের ৪ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বনাথে মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় বয়স্কদের জন্য পরিচালিত গণশিক্ষা কার্যক্রমে নিয়োগকৃত শিক্ষকদের ৩ মাসের বেতন জনপ্রতি ৭ হাজার ২শ টাকা করে দেওয়ার কথা। কিন্তু প্রকল্পের কর্মকর্তা ও উপজেলার ৮টি ইউনিয়নের সুপারভাইজাররা শিক্ষকদের টাকা দেওয়ার আগেই বেতনশিটে স্বাক্ষর নেন। এরপর জনপ্রতি ৫ হাজার টাকা করে দিলে শিক্ষকরা প্রতিবাদী হয়ে ওঠেন। তারা উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। তখন প্রকল্প কর্মকর্তারা মোবাইল ফোনে বহিরাগত লোক ডেকে এনে শিক্ষকদের ওপর হামলা চালান। এতে শিক্ষক মো. শামসুদ্দিন, রাসেল আহমদ ও মিজানুর রহমান টিটু আহত হন। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ গিয়ে প্রকল্পের উপজেলা কর্মকর্তা পরাগ আচার্য এবং ইউনিয়ন সুপারভাইজার সুমন মিয়া, আজিজুর রহমান ও ফারুক মিয়াকে আটক করে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষকদের তাদের প্রাপ্য টাকার চেয়ে এক টাকাও কম দেওয়ার সুযোগ নেই। পুরো টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর হামলার ব্যাপারে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।’