হংকং প্রশ্নে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া আচরণের’ জবাবে দেশটির কর্মকর্তাদের ভিসায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত জানিয়েছে পেইচিং। চীন হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন চাপানোর পদক্ষেপ নেওয়ার পর যুক্তরাষ্ট্র সদ্যই হংকংয়ের পাশে থাকার বার্তা দিয়ে চীনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা নিয়েছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, হংকংবাসীদের স্বাধীনতা খর্ব করার জন্য সাবেক কিংবা বর্তমান যেকোনো চীনা কর্মকর্তা দায়ী বলে গণ্য হলেই তার ওপর ওয়াশিংটনের নতুন ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। গতকাল সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের জবাবে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ব্যক্তিবর্গের ভিসায় বিধিনিষেধ আরোপ করা হবে বলে ঘোষণা দেন। তবে কারা এ নিষেধাজ্ঞার কবলে পড়বে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।