বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বৃক্ষরোপণ অভিযান-২০২০ এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

ঢাকা সেনানিবাসের আল্লাহু মসজিদ প্রাঙ্গনে একটি কাঠগোলাপের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সেনা প্রধান । একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনানিবাসে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ বছর বৃক্ষরোপন অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। সেনাবাহিনীর পক্ষ থেকে তিন লাখের বেশি গাছ রোপন করা হবে।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হবে। সব সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেঞ্জ, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে বৃক্ষরোপন কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সবাইকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্য।